বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে। বুধবার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ির রেনু, মেহেদী, চিনি ও বাসমতি চাল। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুনও আটক করা হয়।
জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে এসব চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
0 মন্তব্য