চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী মারছা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। আহতদের মধ্যে আট থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নের বাসিন্দা। পরিবারসহ তিনি পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল, অপরটি কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ছিল। সংঘর্ষের সময় দুই গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বেশিরভাগের পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. তাসফিক আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 Comments