নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সাতক্ষীরায় শুরু হয়েছে চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। গুণগত মান নিশ্চিত ও সঠিক সময়ে আম বাজারজাতের লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে এক আমবাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক আমচাষির অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়া। চাষিদের ব্যস্ততায় পুরো এলাকা ফিরে পায় প্রাণচাঞ্চল্য, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসন সতর্ক করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার হেক্টরের বেশি জমিতে ৫ হাজারেরও বেশি বাগানে প্রায় ১২ হাজার চাষি আম চাষ করেছেন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার টন।
স্থানীয় এক আমচাষি জানান, দীর্ঘ অপেক্ষার পর এ সময়টি আসে এবং এ বছর গাছে ফলন ভালো হয়েছে। নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময় অনুসরণ করে আম সংগ্রহের ফলে ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে, যা সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ন রাখতে সহায়তা করবে। পাশাপাশি অপরিপক্ব বা রাসায়নিকযুক্ত আম বাজারজাত রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে।
সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরার আম এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত। চলতি মৌসুমে প্রায় ১০০ টন আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
0 Comments