বগুড়া সদরে নবজাতক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মা ও তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা নিপা ও তার স্বামী দুলালকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া সদরের নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের মার্চে নিপার বিয়ে হয় শেখেরকোলা ইউনিয়নের দুলালের সঙ্গে।
গত শুক্রবার (৮ মে) রাতে নিপা একটি পুত্রসন্তানের জন্ম দেন। অভিযোগ রয়েছে, লোকলজ্জার ভয়ে নবজাতককে হত্যা করা হয় এবং পরে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, “আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
0 Comments