কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।”
0 Comments