ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেনি। বরং তিনি ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া উচিত ছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আসা এবং দেশটির ড্রোন উৎপাদন ব্যাহত হওয়ার দাবি করে যুদ্ধ চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন তিনি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথিতে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।
সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় সেগুলোর সংখ্যা অনেক কম। ইরানের ড্রোন উৎপাদনকারীরাও সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, বিদ্যুৎ না থাকায় ড্রোন উৎপাদনকারীরা কাজ চালাতে পারছেন না।
ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’
তিনি আরো বলেন, ‘আমি এখানে আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।’
তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যুদ্ধ শুরু করে। তখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের আলোচনা চলছিল। অর্থাৎ, আলোচনা চলার মধ্যেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
আলোচনা চলাকালে ইরানে হামলার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও দুই দেশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ওই সময়ও তেহরানের সঙ্গে আলোচনা চলছিল। ফলে আলোচনার মধ্যে ইরানে হামলার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটল।
0 মন্তব্য