ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর বয়স ৪ মাস ও ১০ মাস। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
মৃত শিশুদের একজন জামালপুর সদর উপজেলার বাসিন্দা এবং অপরজন ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, জামালপুরের শিশুটি গত ১১ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে বিকেলে তার মৃত্যু হয়। অন্যদিকে ঈশ্বরগঞ্জের শিশুটি ৫ মে সকালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে ভোরে মারা যায়।
বুধবার সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের।
চিকিৎসকদের ভাষ্য, হাম অত্যন্ত সংক্রামক। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
0 মন্তব্য