মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে দূর হয়েছে। আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এশিয়ার দেশটি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরান ফুটবল দল অংশ নেবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ইরান ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, “আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের সংস্কৃতি ও আদর্শ বজায় রেখেই বিশ্বকাপে অংশ নিতে চায় ইরান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল ঘিরে উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
0 Comments