ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস-সমর্থকদের হেনস্তার অভিযোগের মধ্যেই এবার আলোচনায় এলেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু, যিনি ‘রাজু দা’ নামে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে ঘিরে ধরে টানাহেঁচড়া করছে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তার গায়ের টিশার্ট ছিঁড়ে যায়।
ভিডিওতে আরও দেখা যায়, ট্রেন থামার পর রাজুকে গেঞ্জির কলার ধরে টেনে নামানো হয় এবং জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। ওই সময় তার চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল সরকারের সময় শিয়ালদহ সাবওয়ের বাইরে পরোটা বিক্রির সময় রাজু নিজেকে তৃণমূল সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ‘জয় বাংলা’ স্লোগানও দেন। এছাড়া সম্প্রতি একটি মন্দির চত্বরে বসে মাংস খাওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনার জের ধরেই তাকে হেনস্তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রাজু বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন। তবে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জীকে পছন্দ করেন বলেই আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন এবং তৃণমূল সমর্থনের কথা বলেছিলেন। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজুকে হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দা দেখা গেছে। অনেকেই রাজনৈতিক মতভিন্নতার কারণে একজন সাধারণ ব্যবসায়ীর সঙ্গে এমন আচরণকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
0 মন্তব্য