ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তাঁরা উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শপথ মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা . এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিজেপির বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বিপুলসংখ্যক সমর্থক অনুষ্ঠানে যোগ দেন।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।
শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু অধিকারী। এ সময় বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেওয়া হয়। এর আগে কলকাতার নিউ টাউনে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন অমিত শাহ।
0 Comments