ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কলকাতা থেকে একটি স্করপিও গাড়িতে করে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। পথে দোহরিয়া এলাকায় পৌঁছালে মোটরবাইকে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে তারা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলায় গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চন্দ্রনাথ রথের বুকে একাধিক গুলি লাগে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিজেপির একাধিক নেতা, কর্মী ও বিধায়ক হাসপাতাল এবং ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments