সরকার যদি ভালো উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হলে নীরব না থেকে প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। একই সঙ্গে ভালো উদ্যোগে সহযোগিতা করাও রাজনৈতিক দায়িত্বশীলতার অংশ। দেশের ক্ষতি হলে জনগণের স্বার্থে প্রতিবাদ জানানো হবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দল সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতাও করছে। এভাবে সবাই দেশকে ভালোবাসলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।
চিকিৎসা খাত নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার পর্যাপ্ত ও দক্ষ ব্যবস্থা নেই। সীমিত সংখ্যক হাসপাতাল থাকলেও অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত দক্ষতা ও আধুনিক সুবিধার ঘাটতি রয়েছে।তিনি জানান, এ কারণে অনেক রোগীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে, যা সবার পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতায় জাপানের সহযোগিতায় বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু হাসপাতাল নয়, একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হলে দেশে দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি সম্ভব হবে। জাপান বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।
0 Comments