২০১৩ সালের ৫মে শাপলা চত্বর অভিযান ঘিরে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, নিহতদের মধ্যে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ঢাকায় একই দিনে দিন ও রাতে হত্যাকাণ্ড ঘটে, আর পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, মামলার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে তদন্তের স্বার্থে সম্ভাব্য আসামিদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওই সময় মিশনে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবুও তার ভূমিকা খতিয়ে দেখা হবে, কারণ দূরে থেকেও পরিকল্পনা বা নির্দেশ দেওয়ার সুযোগ থাকে।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫মে ঢাকার মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করে। দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।
0 Comments