যুক্তরাষ্ট্র ও ইরান তাদের দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এদিকে হরমুজ প্রণালি আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্মকর্তারা জানান, একটি স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরু হবে এবং তা ৬০ দিন ধরে চলবে। এ সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া সংঘাত অবসান হবেÑএমন আশাবাদে ভাটা পড়েছে দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলার ঘটনায়।
এই হামলার পর ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।
অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাইফাদুন ও শোকিন এলাকায় তিনটি যানবাহনে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা যে এলাকায় অভিযান পরিচালনা করছিল, তার কাছাকাছি একটি সন্দেহজনক যানবাহনে হামলা চালানো হয়।
একই সঙ্গে তাদের বাহিনী কয়েকটি রকেট প্রতিহত করেছে এবং একটি রকেট উৎক্ষেপণস্থল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
0 মন্তব্য