যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
আগামী ৮ মে স্থানীয় সময় বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে তাদের স্মরণে দুটি আসন খালি রাখা হবে এবং এক মিনিট নীরবতা পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাশাপাশি সমাবর্তনে অংশ নিয়ে নিহতদের পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।
জানা গেছে, ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল প্রকৌশলে পিএইচডি করছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরে এক বন্ধুর মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, তারা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কনস্যুলেট জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।
0 Comments