চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়া এবং গণিতের মৌলিক চার নিয়মে দক্ষতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ দক্ষতা অর্জন নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।
সচিবের নির্দেশনার পর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠাতে শুরু করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে জোরে পড়ে শোনাতে হবে। একইসঙ্গে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ জোর দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়ায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়মে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ায় অন্তত ৯০ শতাংশ দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। জুলাই মাসের মধ্যে এ দক্ষতা শতভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বেতন-ভাতা বন্ধের নির্দেশনাও কার্যকর হতে পারে।
এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। সেই পরিকল্পনা আগামী ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজই এ সংক্রান্ত চিঠি দিয়েছি। এটি সচিব স্যারের নির্দেশনা। দুই দফা ভার্চুয়াল বৈঠকে তিনি এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন বাংলা ও ইংরেজি ঠিকভাবে পড়তে পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতেই হবে। না হলে বর্তমান সরকারের শিক্ষাগত লক্ষ্য পূরণ সম্ভব হবে না।
0 Comments