বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন মো. ইসরাইল হাওলাদার এবং এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, নবগঠিত এই কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয় তদারকি করবে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ তাদের ক্ষমতাবলে বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন সেই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তদন্ত করে এনএসসি।
একই দিনে তামিম ইকবাল-এর নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন বিস্তারিত তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। বর্তমান বোর্ডপ্রধান তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তিনি নিজেও প্রার্থী হবেন।
0 মন্তব্য