বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, বরং নিজেদের সুবিধামতো তা বাস্তবায়ন করতে চাইছে। তিনি দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার বিষয়ে বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছিল, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ সেই মতগুলোকে চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে।
রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায়: জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ ও গণভোটের রায়
প্রধান আলোচকের বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের সাংবিধানিক সংস্কার-সংক্রান্ত অন্তত ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছিল। তার দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে বিএনপির সেই ভিন্নমতগুলোকে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও যোগ করেন, “বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছিল, মূলত সেগুলোই ছিল ‘স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার’। গণভোটের এই রায়কে সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ জনমতের প্রতিফলন হিসেবে গ্রহণ করা উচিত।”
সরকারের অবস্থানের সমালোচনা
সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়নের ঘোষণা দিলেও তারা গণভোটের রায়ের বিষয়ে নিশ্চুপ কেন? তিনি সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
‘চাটুকারদের বেষ্টনী থেকে বের হতে হবে’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, “ক্ষমতায় টিকে থাকতে হলে নীতি-নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন। প্রধানমন্ত্রীকে অবশ্যই চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
রাষ্ট্র সংস্কারে ‘বোঝাপড়ার ঘাটতি’
মূল প্রবন্ধে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সরকারি দলের নেতাদের সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে গভীর পড়াশোনা এবং বোঝাপড়ার ঘাটতি রয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থান দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জামায়াত, খেলাফত মজলিস, নেজামে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
0 মন্তব্য