পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শনিবার (৯ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে প্রাতরাশ বৈঠকে তারা অংশ নেন।
বৈঠকে দুই মন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
0 Comments