রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজির হয়ে বলেছেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি। পাকিস্তান ভেঙেছি। তারই জন্য আজকে এখানে এসেছি।”
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দিতে এসে তিনি এসব কথা বলেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করেন।
তবে আদালতে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী বিচারককে বলেন, তিনি এ মামলায় সশরীরে হাজিরা দিতে চান। এ সময় তিনি বলেন, “এভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। গত ছয় মাস আগে এ মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল, আজকে এ আদেশ দিলেন।”
হাজিরা শেষে তিনি আদালতকে বলেন, “আমি আদালতে আসবো, হাজিরা দিবো। এখানে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।” জবাবে বিচারক বলেন, “সেটা আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।”
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে লতিফ সিদ্দিকী বলেন, দেশে প্রকৃত আইনের শাসন আছে কিনা, তা এখানে আসলে দেখা যায়। একটা অনুভব হয়। সেই অনুভবকে জাগ্রত রাখতে এখানে আসি।
এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।
লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন। তবে লতিফ সিদ্দিকী আদালতকে জানিয়েছেন, তিনি ভবিষ্যতেও সশরীরে আদালতে এসে হাজিরা দেবেন।
মামলার সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও তা মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্য নিয়ে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি ২৮ আগস্ট সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
অভিযোগে বলা হয়, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি হট্টগোল ও স্লোগান দিতে দিতে সভাস্থলে ঢুকে পড়ে। তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে, কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করে এবং আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন উপপরিদর্শক আমিরুল ইসলাম।
0 মন্তব্য