আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা।
এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রম ও সারাদেশে লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।
দেশের চামড়া শিল্প রক্ষা এবং অবৈধ পাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্য