চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রম ও স্মার্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে ডিজিটাল শিক্ষা সহায়ক প্ল্যাটফর্ম এডুআই বিডি.কম - এর নির্মাতা প্রতিষ্ঠান নেভিয়াসফটের একটি প্রতিনিধি দল চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে, নেভিয়াসফটের সিনিয়র এক্সিকিউটিভ মো. মুসলিম উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম ও রোমান ইসলাম। তারা শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তর ও সংশ্লিষ্ট উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি চসিকের আওতাধীন ৪৫টি স্কুলে তাদের বিশেষায়িত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব ও আবেদন পেশ করে।
প্রস্তাবনাটি ইতিবাচকভাবে গ্রহণ করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রম ও স্মার্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে। সে ক্ষেত্রে এডুআই বিডি আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তিনি চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নেভিয়াসফটের পক্ষ থেকে জানানো হয়, তাদের সফটওয়্যারের মাধ্যমে স্কুলগুলোতে স্মার্ট হাজিরা ব্যবস্থা চালু করা হবে। এতে শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় উপস্থিতি নিশ্চিত হবে এবং তাৎক্ষণিকভাবে অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠানো যাবে।এ ছাড়া অনলাইন রেজাল্ট প্রকাশ, অটোমেটেড মার্কশিট তৈরি, ডিজিটাল হিসাব ব্যবস্থাপনা এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক তথ্যসমৃদ্ধ আধুনিক ওয়েবসাইট তৈরির সুবিধাও থাকবে।
প্রতিনিধিরা জানান, এই প্রযুক্তিগত সহযোগিতা চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, মেয়রের ইতিবাচক সাড়া স্মার্ট চট্টগ্রাম গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
0 Comments