ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। আজ সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে তারা জানায়,পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ঠিক তার পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী,আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী এই সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করবেন,তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ শুরু হবে।
নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে,আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ ফাইল হতে হবে এবং তা কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। যেকোনো ধরনের পরিবর্তিত,সম্পাদিত বা বিকৃত ফাইল সরাসরি বাতিল বলে গণ্য হবে।
অন্যদিকে, মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়া নির্দেশনা দিয়েছে আইভ্যাক। বলা হয়েছে, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই ভিসা কপিতে নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা নিতে যেতে হবে। কোনো কারণে হাসপাতাল পরিবর্তন করতে হলে ভারতের 'ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস' (এফআরআরও)-এর আগাম অনুমতি নিতে হবে। এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা বিধির চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে, যার ফলে ভবিষ্যতে ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।
0 মন্তব্য