বিগত বছরগুলোর অবহেলায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেহাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বহু স্কুলের অবকাঠামো বিধ্বস্ত হলেও শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ থামায়নি। কষ্টের মধ্যেও শিক্ষক-শিক্ষিকারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “আমার আজ মনে পড়ছে পিরোজপুরের ইন্দুরকানী ৫৪ নম্বর সাউথ বিদ্যালয়ের জীর্ণ সাদা দেয়ালে লাল রঙে লেখা জীবনের এক গুরুত্বপূর্ণ বাণীর কথা।
যেটি আমাদের সকলকে চিহ্নিত করবে, চিন্তিত করবে। হয়তো জীবন সম্পর্কে আরো ভাবতে শেখাবে। দেয়ালে লেখা আছে—‘মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে’। জীর্ণ দেয়ালের এই লিখনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে জীবনের গুরুত্বপূর্ণ নানা বাণী লেখা রয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী আইকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ কখনো কখনো ভেঙে পড়ে। এমন বিধ্বস্ত অবকাঠামোতেও মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাদের চেষ্টা সফল হবেই।
তিনি আরো বলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃষ্টির পানিতে ডুবে যায়। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৪৭ নম্বর গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। তবু শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ থামায়নি।
বেহাল অবস্থায় থাকা কয়েকটি বিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া থামায়নি। শিক্ষক-শিক্ষিকারা কষ্টের মাঝেও দৃঢ়প্রতিজ্ঞ। তাঁরা আরো আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়েছেন। হয়তো তাঁদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতে বাংলাদেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে।’
তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষার সুযোগ অনগ্রসর এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে সুপ্ত প্রতিভা বিকাশের পথ আরো প্রসারিত হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
0 মন্তব্য