সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্বকাপ ফুটবল প্রেমী কলেজছাত্র সিফু আহমেদ আসিফ (১৯)।
শনিবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফু আহমেদ আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর ভোররাতে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হন আসিফ। একপর্যায়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই সিফু আহমেদ আসিফের মৃত্যু হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে আসে।
0 মন্তব্য