ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো পিএসজির। কিন্তু এমন ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট নিয়েই লি ওয়ান শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। লেন্সকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।
ম্যাচের শুরুতে বেশ চাপে ছিল পিএসজি। ২০ মিনিটের মাথায় পরপর দুটি বড় সুযোগ তৈরি করেছিল লেন্স। তবে গোলরক্ষক মাতভেই সাফোনভর দুর্দান্ত সেভে বেঁচে যায় তারা।
চাপ সামলে ২৯ মিনিটে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। মাঝমাঠে বল কাড়ার পর ওসমান দেম্বেলের বাড়ানো পাস থেকে দারুণ ফিনিশে গোল করেন খভিচা কাভারাৎস্খেলিয়া।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় লেন্স। কিন্তু সাফোনভ বারবার বাধা হয়ে দাঁড়ান। গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সই মূলত ম্যাচে এগিয়ে রাখে পিএসজিকে।
শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়েও সফল হয়নি লেন্স। বরং যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। তার শক্তিশালী শট ক্রসবারে লেগে জালে জড়ালে শিরোপা উদযাপনে মেতে ওঠে পিএসজি।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আবারও ফ্রান্সের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল প্যারিসের জায়ান্টরা।
0 মন্তব্য