গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৩৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার সুখিনগর স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী ধরার জন্য এসআই হানিফ মাহমুদ টঙ্গী পশ্চিম থানাধীন সুখিনগর এলাকায় যায়। এসময় কয়েকজন ছিনতাইকারী এসআই হানিফ মাহমুদের উপর হামলা করে তার পা-সহ শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজাবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার রোহন মিয়া কালের কণ্ঠকে বলেন, আমাদের থানার একজন এসআই আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আটক আছে।
0 মন্তব্য