বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে উরুগুয়ে জাতীয় দলের যুক্তরাষ্ট্র যাত্রা কিছুটা জটিলতায় পড়ে। মেক্সিকো থেকে ফ্লোরিডার মায়ামিতে যাওয়ার নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সংক্রান্ত সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হয়।
দলটি প্লায়া দেল কারমেনের ক্যাম্প থেকে রওনা দেওয়ার কথা থাকলেও ফিফা-প্রদত্ত চার্টার্ড ফ্লাইটে অনিয়মিত কাগজপত্রের কারণে উড্ডয়ন পিছিয়ে যায়।
উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, “এইউএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো থেকে যাত্রা বিলম্বিত হয়েছে। দলটি হোটেলে বিশ্রামে আছে। ফিফার নতুন নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাবে।”
পরে ফিফা এক বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করে জানায়, এ সমস্যার জন্য দায়ী ছিল সংশ্লিষ্ট এয়ারলাইন।
ফিফা জানায়, “মেক্সিকোতে এয়ারলাইনের অনুমোদনসংক্রান্ত ত্রুটির কারণে উরুগুয়ে দলের কানকুন থেকে মায়ামি যাত্রা বিলম্বিত হয়। এয়ারলাইনটি ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে।”
সংস্থাটি আরও জানায়, পুরো সময়জুড়ে ফিফা উরুগুয়ে দলের সঙ্গে যোগাযোগ রাখে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করে।
পরে উরুগুয়ে দল সফলভাবে মায়ামিতে পৌঁছায় এবং কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়া গিমেনেজের নির্ধারিত প্রেস কনফারেন্সে অংশ নেয়।
তবে যাত্রা বিলম্ব হলেও কোচ বিয়েলসা জানান, এতে দলের প্রস্তুতিতে কোনো বড় প্রভাব পড়বে না। তার ভাষায়, “এটি কোনো সমস্যা তৈরি করবে না।”
অধিনায়ক গিমেনেজ বলেন, “কিছু জটিলতা হয়েছিল, তবে আমরা সেটিকে ইতিবাচকভাবে নিয়েছি। হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি, যা আসলে আমাদের জন্য উপকারী হয়েছে।”
উল্লেখ্য, উরুগুয়ে বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ রয়েছে সৌদি আরব, কেপ ভার্দে এবং স্পেনের সঙ্গে।
0 মন্তব্য